হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। এআইয়ের মাধ্যমে ছবি রূপান্তর করে নেটিজেনরা ফিরে যাচ্ছেন চার দশক আগে। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, পুরোনো দিনের ক্যামেরার আবহ—সব মিলিয়ে বর্তমানের মানুষকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন এক রেট্রো অবতারে। ভাইরাল এই ট্রেন্ডে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন দেশের বিনোদনজগতের তারকারাও।
আশির দশকের লুকে নিজেদের দেখতে কেমন লাগছে—সেটিই পরখ করে নিচ্ছেন তারকারা। ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করে ভক্তদেরও ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নস্টালজিয়ার সেই সময়ে। নতুন ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, তৌসিফ মাহবুব, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদসহ অনেকে। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ ট্রেন্ড’। আশির দশকের আদলে নিজের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। একটি ছবিতে শাড়ি পরে ধরা দিয়েছেন বুবলী। অন্যটিতে তাঁকে দেখা গেছে নীল রঙের জিনস ও লাল টি-শার্টে স্টাইলিশ তরুণীর লুকে। তমা মির্জা নিজের এমন একটি রেট্রো মেকওভারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করছি।’ অভিনেত্রী ভাবনা একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশির দশকে আমার এক ঝলক—পুরোনো দিনের আমেজ, চিরন্তন আকর্ষণ।’
আশির দশকের স্টাইলে বাইকে বসা অবস্থায় দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা, পরনে সেই সময়ের সঙ্গে মানানসই পোশাক—যেন পুরোনো দিনের কোনো সিনেমার দৃশ্য। ক্যাপশনে অপূর্ব লেখেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’ তৌসিফ মাহবুবের ছবিতেও ফুটে উঠেছে সেই সময়ের আবহ। ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’ শ্যামল মাওলা লিখেছেন, ‘রেট্রো, যে ফ্যাশন কখনো পুরোনো হয় না।’
‘চা গরম’ ওয়েব ফিল্মে ডাক্তার ইরিন চরিত্রে অভিনয় করা সাফা কবিরকেও দেখা গেছে আশির দশকের লুকে। সেই ছবি শেয়ার করে সাফা কবির লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তোলা বেশ কয়েকটি ছবি রেট্রো অবতারে রূপান্তর করে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘ট্রেন্ড অনুসরণ করলাম।’
তারকাদের এসব পোস্ট বেশ উপভোগ করছেন ভক্তরাও। পছন্দের তারকার পোস্টে করছেন নানা ধরনের মন্তব্য।