হোম > বিনোদন > সিনেমা

‘প্রিন্স’ সিনেমার আইটেম গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা। আইটেম ড্যান্স ঘরানার গানটিতে রুনা লায়লার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান। এমন গুঞ্জন কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন প্রীতম হাসান নিজেই।

রুনা লায়লার সঙ্গে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সংগীত আয়োজন করেছেন প্রীতম হাসান। গানের শিরোনাম বা প্রকাশের সময় না জানালেও সোশ্যাল মিডিয়ায় প্রীতম জানালেন এই গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা।

বুধবার রাতে ফেসবুকে রুনা লায়লার সঙ্গে গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম হাসান লেখেন, ‘প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে রুনা লায়লা ম্যামকে বললাম যে তাঁর ভয়েসটা এই জায়গায় পারফেক্ট বসবে। সাথে এটাও বলেছিলাম, আমি এটা একজন সিনিয়র কারও সঙ্গে ডুয়েট হিসেবে ভাবছি। ম্যাম একটু থেমে বললেন, “তুমিই গেয়ে ফেলো?” আমি ৫ সেকেন্ড চুপ, একদম শকড। তারপর বললাম, “ম্যাম, আপনি যেহেতু বলছেন, এই গান এখন আমিই গাবো, আর কাউকে দেব না।” আমরা দুজনেই হেসে ফেললাম।’

প্রীতম জানান, কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন প্রীতম। চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। প্রীতম হাসানের ভাষ্য অনুযায়ী, ‘গত কয়েক বছরে যখনই রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমি সব সময় একটা কথাই বলেছি, “ম্যাম, যেহেতু আপনি গাইবেন, আপনার জন্য নতুন কিছু করতে হবে, যেটা আগে কখনো করিনি; আমাকে আরেকটু সময় দিন।’ ম্যামের গানের ইতিহাসের ক্যাটালগ যদি দেখি, ম্যাম বরাবরের মতোই এমন কাজ করেছেন যেগুলো সব সময় এক্সেপশনাল, তাই আমারও মনে হয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে।’

প্রীতম আরও লেখেন, ‘আমাদের জেনারেশনে উনি শুধু একজন শিল্পী না, উনি একজন ইনস্টিটিউশন, পুরো সাউথ এশিয়াজুড়ে। আর উনি এখনো অনেক অনেক আধুনিক এবং ভিন্ন কাজ করেন, তাই আমার এই গানের এক্সপেরিমেন্টেও উনি “ইয়েস” বললেন। আমি কতটা লাকি ফিল করছি, সেটা হয়তো বোঝানো যাবে না। নিজের কম্পোজিশনে তাঁকে পাওয়া, একই মাইক্রোফোন তাঁর সঙ্গে শেয়ার করা! কী বলব!’

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নব্বইয়ের দশকের গল্পে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বাবা-ভাইদের নিয়ে জাহিদ নিরবের গান

টিভি নাটক ও টেলিফিল্ম

শিশুদের জন্য ঈদ আয়োজন

ঈদের ধারাবাহিক

টিভিতে নতুন সিনেমা

ঈদের সংগীতানুষ্ঠান

ম্যাগাজিন ও সেলিব্রিটি শো

ঈদে ‘পিনিক’ মুক্তি না দেওয়ার ঘোষণা প্রযোজকের

নকলের অভিযোগে যা বললেন দম সিনেমার নির্মাতা