হোম > শিক্ষা > ক্যাম্পাস

আইনের শিক্ষার্থীদের যুক্তিতর্কের লড়াই, চ্যাম্পিয়ন ইউএপির দল

ক্যাম্পাস ডেস্ক 

চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দল ইউএপি ল ওরেটরস

যুক্তি, বিশ্লেষণ ও আইনচর্চার সমন্বয়ে গড়ে ওঠেন একজন দক্ষ আইনজীবী। সেই লক্ষ্যে দেশের আইনের শিক্ষার্থীদের যুক্তিতর্ক ও পেশাগত দক্ষতা বিকাশের মঞ্চ হিসেবে অনুষ্ঠিত হলো তৃতীয় এনআইএলএস ন্যাশনাল লিগ্যাল ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬। নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (এনআইএলএস) বাংলাদেশের আয়োজনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থীরা।

গত ৩০ জানুয়ারি, ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ও মূলপর্ব অনুষ্ঠিত হয়। এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতাটি আইনের শিক্ষার্থীদের একাডেমিক যুক্তি, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তবভিত্তিক আইন প্রয়োগ দক্ষতা বাড়ানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

এবারের চ্যাম্পিয়নশিপে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় থেকে ২৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতার মূল থিম ছিল ‘ভয়েস উইদ ভিশন, আর্গুমেন্ট উইদ ইমপ্যাক্ট’। এই প্রতিযোগিতা আইনের শিক্ষার্থীদের যুক্তিকে শুধু বক্তব্যে সীমাবদ্ধ রাখে না, সমাজ ও রাষ্ট্রের বাস্তব প্রেক্ষাপটে উপস্থাপনের ওপর গুরুত্ব দেয়। এ বছর বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, ২০২৫। ডিজিটাল অধিকার, সাইবার গভর্ন্যান্স এবং সাংবিধানিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ইস্যুকে কেন্দ্র করে প্রতিযোগীরা তাঁদের যুক্তি, বিশ্লেষণ ও আইনগত ব্যাখ্যার দক্ষতা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ডিআইইউর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইইউর আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. এস এম সাইফুল হক।

উদ্বোধনী বক্তব্য দেন ডিআইইউর আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম সাইফুল হক। এ ছাড়া এনআইএলএস বাংলাদেশের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন সংগঠনটির সহসভাপতি (ইভেন্টস) মো. রাকিবুল হক। উদ্বোধনী পর্বে সভাপতির বক্তব্য দেন এনআইএলএস বাংলাদেশের সভাপতি ফাজলে রাব্বি তাওহীদ।

প্রতিযোগিতায় বিচারক ও অ্যাডজুডিকেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও আইনজীবীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অতিরিক্ত মহানগর দায়রা জজ ড. মো. আলমগীর, সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার কাওসার মাহমুদ। এ ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এআইইউবিসহ ডিআইইউর আইন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দল ‘ইউএপি ল ওরেটরস’। রানার্সআপ হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘আমিকাস কিউরিয়া’। প্রতিযোগিতাটি এমসি ল সার্ভিসের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার হিসেবে অন্যান্য সংবাদমাধ্যমের পাশাপাশি যুক্ত ছিল আজকের পত্রিকা।

সমাপনী বক্তব্যে অতিথিরা জাতীয় পর্যায়ে এমন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য এনআইএলএস বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থীদের নৈতিকতা, যুক্তিবোধ ও পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

ক্যানসারের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাজীবন থেকে সচেতনতা জরুরি

ডিআইইউর ১৩তম সমাবর্তন: স্বপ্নের পথে নতুন যাত্রা

সরকারি আজিজুল হক কলেজ: ১০৮ শিক্ষার্থীর গায়ে স্বপ্নের সাদা অ্যাপ্রোন

সাইকোচ বাংলাদেশের সফল টিমের তালিকায় ‘পিসওয়েভার্স’

মাইলস্টোন স্কুলে আনন্দময় ক্রীড়া উৎসব

এসইউবিতে এক হাজার নতুন স্বপ্নের মিলনমেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৯ এপ্রিল থেকে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন উদ্‌যাপন

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোকজ