তারুণ্যের শক্তিকে সমাজকল্যাণের কাজে ব্যবহার করার লক্ষ্য নিয়ে ‘পাঠকবন্ধু’ বরিশাল জেলা শাখার উদ্যোগে সম্প্রতি এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পারস্পরিক পরিচয়ের মাধ্যমে তাঁরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে সম্মিলিতভাবে সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্য, আগ্রহ, দক্ষতা এবং সমাজের জন্য কাজ করার ইচ্ছার কথা তুলে ধরেন। এতে নতুন সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক দৃঢ় হয়। পরবর্তী পর্যায়ে সংগঠনের উদ্দেশ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশ নিয়ে সদস্য আবদুর রহমান রাজিব বলেন, ‘তরুণদের সঠিক দিকনির্দেশনা ও একটি কার্যকর প্ল্যাটফর্ম দেওয়া গেলে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। পাঠকবন্ধু সেই সুযোগ তৈরি করছে, যেখানে আমরা নিজেদের গড়ে তোলার পাশাপাশি সমাজের জন্য কাজ করতে পারি।’
আরেক সদস্য মো. মিলন বলেন, ‘পাঠকবন্ধু এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব সুযোগ পাই। এখান থেকে নেতৃত্বের যাত্রা শুরু হতে পারে, যা ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অন্য অংশগ্রহণকারীরাও তাঁদের মতামত তুলে ধরে বলেন, পাঠকবন্ধু তাঁদের জন্য একটি শিক্ষণীয় ও কার্যকর প্ল্যাটফর্ম। এখানে তাঁরা একদিকে নতুন কিছু শিখতে পারছেন, অন্যদিকে সামাজিক কার্যক্রমে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।
পাঠকবন্ধু সংগঠনের মাধ্যমে সদস্যরা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা বাড়াতে পারবেন।
অনুষ্ঠানে পাঠকবন্ধু কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন মো. সিফাত ই মঞ্জুর রোমান ও আবদুর রহমান রাজিব। আরও উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশ ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট আল-আমিন রাসেল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরিফ খান জয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের মো. মিলন, সরকারি ব্রজমোহন কলেজের মো. রাকিবুল ইসলাম, আওলাদ হোসেন মিশকাত, অমিত চন্দ্র সরকার, আবু নাইম, নাজিম শরিফ নবিন, গ্লোবাল ইউনিভার্সিটির হৃদয় রাকিব প্রমুখ।