উপমহাদেশে শিক্ষার ইতিহাসে কিছু প্রতিষ্ঠান সময়ের সীমানা পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রাজশাহী কলেজ তেমনই এক গৌরবময় নাম। কলেজটি অতীতের সংগ্রাম, ঐতিহ্যের গৌরব আর আধুনিকতার স্পর্শে গড়ে উঠেছে। ১৮৭৩ সালের ১ এপ্রিল যাত্রা শুরু করা এই কলেজ ১৫৩ বছরের পথ পেরিয়ে আজ দাঁড়িয়ে আছে জ্ঞান, সংস্কৃতি এবং আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক হিসেবে।
ছয়জন শিক্ষার্থী নিয়ে শুরু
মাত্র ছয়জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী কলেজ। দীর্ঘ ১৫৩ বছরের পথচলায় সেই ছোট্ট প্রতিষ্ঠান আজ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর এক প্রাণবন্ত ক্যাম্পাসে পরিণত হয়েছে। খরস্রোতা পদ্মার তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা লাল ইটের ভবনগুলো যেন প্রতিনিয়ত শোনাচ্ছে সাফল্য, সংগ্রাম আর সম্ভাবনার গল্প।
শিক্ষাবিপ্লবের সূচনা
দুবলহাটির রাজা হরনাথ রায় চৌধুরী, দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়ের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এই কলেজ উত্তরবঙ্গে শিক্ষার এক অনন্য দিগন্ত হয়ে উঠেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে বিএ কোর্স চালুর মাধ্যমে এটি হয়ে ওঠে উত্তরাঞ্চলের প্রথম উচ্চশিক্ষার আলোকবর্তিকা।
তৃতীয় প্রাচীনতম বিদ্যাপীঠ
ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পর রাজশাহী কলেজকে দেশের তৃতীয় প্রাচীনতম কলেজ হিসেবে গৌরবের আসনে অধিষ্ঠিত করা হয়। এই অবস্থান শুধু সময়ের নয়; বরং শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ উত্তরাধিকার।
সংগ্রামের ইতিহাস
রাজশাহী কলেজ শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং সংগ্রামেরও এক উর্বর ভূমি। ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।
১৯৫২ সালে শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে সেটি ধ্বংস করা হলেও প্রতিবাদের চেতনা আরও দৃঢ় হয়ে ওঠে।
ঐতিহ্যবাহী লাল ভবন
রাজশাহী কলেজের লাল ভবনগুলো একেকটি ইতিহাসের দলিল। ১৮৮৪ সালে নির্মিত প্রশাসনিক ভবন, হাজী মুহম্মদ মুহসীন ভবন এবং ফুলার ভবন আজও ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলীর সাক্ষী। সবুজে ঘেরা এই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো কলেজটিকে দিয়েছে আলাদা এক নান্দনিকতা, যা নজর কাড়ে যে কারও।
গুণীজনের পদচারণে সমৃদ্ধ
এই বিদ্যাপীঠে পড়েছেন এবং শিক্ষকতা করেছেন অসংখ্য খ্যাতিমান ব্যক্তি। তাঁরা দেশ-বিদেশে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। জ্যোতি বসু, ঋত্বিক ঘটক, এ কে খন্দকার, হাবিবুর রহমানসহ অনেক গুণী ব্যক্তিত্বের পদচারণে সমৃদ্ধ হয়েছে এই ক্যাম্পাস। তাঁদের অর্জন আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে এগিয়ে যেতে।
আধুনিকতার ছোঁয়া
সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক রূপ নিয়েছে রাজশাহী কলেজ। মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়াই-ফাই সুবিধা, সিসি ক্যামেরা নিরাপত্তা, আধুনিক গ্রন্থাগার এবং কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় যুক্ত করছে। প্রযুক্তিনির্ভর এই পরিবেশ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্বের বিকাশ
রাজশাহী কলেজ শুধু পড়াশোনার জায়গা নয়, বরং সৃজনশীলতার এক বিশাল ক্ষেত্র। বিতর্ক, নাটক, সংগীতসহ প্রায় অর্ধশতাধিক সংগঠন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কাজ করছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা গড়ে তুলছে।
শিক্ষার্থীদের দৃষ্টিতে রাজশাহী কলেজ
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সুশ্রী সরকার বলেন, ‘রাজশাহী কলেজের প্রতিটি দেয়াল যেন ইতিহাসের গল্প বলে যাচ্ছে। এখানে দাঁড়ালে মনে হয়, আমি এই দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতার অংশ। আমাদের আগে যাঁরা এখানে পড়াশোনা করেছেন, তাঁরা দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবদান রেখেছেন। সেই পথ অনুসরণ করে নিজেকে গড়ে তোলার দায়িত্ববোধ কাজ করে।’
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, ‘১৫৩ বছরের এই প্রতিষ্ঠান আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা চাই, রাজশাহী কলেজ এমন জায়গা হয়ে উঠুক, যেখানে শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ তৈরি হবে। এই কলেজের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরও উজ্জ্বলভাবে উচ্চারিত হোক।’
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যয়
অধ্যক্ষ ইব্রাহিম আলী বলেন, ‘রাজশাহী কলেজের প্রতিষ্ঠা দিবস শুধু কলেজের নয়, বরং পুরো রাজশাহীবাসীর জন্য গৌরবের দিন। ১৮৭৩ সালে এটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে পূর্ব বাংলা তথা উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। আজও আমরা সেই ঐতিহ্যকে ধারণ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি।’
অধ্যক্ষ ইব্রাহিম আলী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি করা। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে রাজশাহী কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের অঙ্গীকার।’
১৫৪ বছরের এই দীর্ঘ পথচলায় রাজশাহী কলেজ বারবার নিজেকে নতুন করে প্রমাণ করেছে। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু জ্ঞানের আলো কখনোই ম্লান হয়নি। অতীতের গৌরব আর ভবিষ্যতের সম্ভাবনাকে হৃদয়ে ধারণ করে রাজশাহী কলেজ আজও এগিয়ে চলেছে এক অনন্ত আলোর যাত্রায়।