বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে।
৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেল এবং এইউবির আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘হায়ার এডুকেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য সাহিত্যিক ও বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সম্মেলনে সভাপতিত্ব করেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হুসাইন ভূইয়া। উদ্বোধনী বক্তব্য দেন আন্তর্জাতিক কনফারেন্সের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ জাফার সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরী আবদ কাদির বলেন, ‘ড. সাদেক ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আমার কাছে একটি পরিচিত নাম। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের অবদান সবাই যুগ যুগ ধরে স্মরণ করবে। সারা বিশ্বে উচ্চশিক্ষার টেকসই প্রসার ও সফলতা কামনা করি।’ তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষায় আগ্রহী এশিয়ান ইউনিভার্সিটির সকলকে মালয়েশিয়ায় আন্তরিকভাবে স্বাগত জানাই। এইউবি আমাকে যে সম্মান প্রদান করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’
মূল প্রবন্ধে এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ‘সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলামের মাধ্যমে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। মানসম্মত শিক্ষা, যুগোপযোগী গবেষণা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির প্রক্রিয়া অনুসরণ করছে বিশ্ববিদ্যালয়টি। গত ৩০ বছরে মেধা ও নৈতিকতায় সমৃদ্ধ দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিতে পেরেছি। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে এইউবি কাজ করে যাচ্ছে, যাতে গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে দক্ষ ও টেকসই অবদান রাখতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলাকে কেবল ডিগ্রি সর্বস্ব না হয়ে উদ্ভাবনী গবেষণা ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন করত হবে, যা গবেষণালব্ধ জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।’
সভাপতির বক্তব্যে এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হুসাইন ভূইয়া সম্মেলনের সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণাপত্র উপস্থাপন করেন। এ ছাড়া এইউবি বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নেন।