হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

তেলের বাজার ওঠানামা করছে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের আবহে বিশ্ব তেলের বাজারে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে। প্রথাগত বাণিজ্যিক হিসাব-নিকাশ ছাপিয়ে এখন তেলের দাম নির্ধারণে প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো। বিশ্বের অন্যতম প্রভাবশালী হেজ ফান্ড সিটাডেলের কমোডিটিপ্রধান সেবাস্টিয়ান ব্যারাক এই তথ্য জানিয়েছেন।

লন্ডনে অনুষ্ঠিত ‘এফটি কমোডিটিস গ্লোবাল সামিট’-এ ব্যারাক জানান, মধ্যপ্রাচ্য সংঘাতের শুরুর দিনগুলোতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বা ভোলাটিলিটি প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্টের একটি পোস্ট বা বার্তার ফলে কয়েক মিনিটের মধ্যে তেলের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আমার অফিসে প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া পোস্ট তদারকি করার জন্য একটি আলাদা স্ক্রিনই বসাতে হয়েছে।’

ব্যারাক উল্লেখ করেন, আগে যেকোনো জ্বালানি সংকটের সময় ব্যবসায়ীরা তেলের ‘ফিজিক্যাল ফ্লো’ বা সরবরাহ ব্যবস্থার দিকে নজর রাখতেন। কিন্তু এখন ট্রাম্পের ‘ইনফরমেশন স্ট্রিম’ বা তথ্যপ্রবাহ পর্যবেক্ষণ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ব্যবসায়ীদের মনে রাখতে হবে, প্রেসিডেন্টের এই তথ্যগুলো হয়তো সব সময় সঠিক নয়।

সিটাডেলের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসন বাজারের ওপর যুদ্ধের প্রভাব বুঝতে ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। তিনি জানান, হোয়াইট হাউসের কাছে বর্তমানে বিশ্বের যেকোনো প্রান্তের চেয়ে বেশি তথ্য রয়েছে।

গত মার্চের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে উঠে গিয়েছিল। বিশ্বের মোট তেলের ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু গত ২৩ মার্চ ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার কথা জানান, তখন তেলের দামে বড় ধরনের ধস নামে। এর দুই সপ্তাহ আগে যুদ্ধের পরিস্থিতি ‘প্রায় সমাপ্ত’ বলে ট্রাম্পের দেওয়া এক পোস্টেও বাজারে ব্যাপক দরপতন হয়েছিল।

ব্যারাক অকপটে স্বীকার করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর ফলে তেল-গ্যাস ব্যবসায়ীরা বাজারের এই বিশৃঙ্খলা আন্দাজ করতে পারেননি। যদিও এই যুদ্ধের সম্ভাবনা ৫০-৭০ শতাংশ ছিল, তবু অধিকাংশ ব্যবসায়ী ঝুঁকি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, প্রশাসনের ভেতরে থাকা ব্যক্তিরা ছাড়া অন্যদের পক্ষে বাড়তি কোনো তথ্য পাওয়া সম্ভব ছিল না। এটি একধরনের জুয়ায় পরিণত হয়েছিল।

সিটাডেল বর্তমানে তেলের বিভিন্ন উপজাত যেমন ডিজেল, জেট ফুয়েল ও হিটিং অয়েলের দামের ওপর বাজি ধরছে। ব্যারাক জানান, তাঁর দল এখন বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা ও সরবরাহের একটি বিস্তৃত মডেল তৈরির জন্য ‘ডিপ রিসার্চ’ মোডে কাজ করছে। কারণ, বর্তমান বাজার অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং সুযোগগুলো খুব অল্প সময়ের জন্য তৈরি হয়।

১০ রুপির পানীয়, নাম পাকিস্তানি: ভারতে যেভাবে গড়ে উঠল ২৮০০ কোটির ব্র্যান্ড

ইরান যুদ্ধের ৫০ দিনে তেলের বাজারে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমল ১৩ শতাংশ

হরমুজ বন্ধের প্রভাব দস্তানা উৎপাদনেও, স্বাস্থ্য খাতে বিপর্যয়ের আশঙ্কা

যুদ্ধ শেষের আশায় বাজারে স্বস্তি, বিশেষজ্ঞদের ভেংচি কাটলেন ট্রাম্প

তীব্র খাদ্যসংকটের দিকে বিশ্ব—বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদের সতর্কতা

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানের সুপারট্যাঙ্কার, তেলের বাজারে নরওয়ের রেকর্ড

অর্থনীতির ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, আইএমএফের অশনিসংকেত

ট্রাম্পের নৌ অবরোধ ঘোষণা: তেল ও ডলারের দামে ঊর্ধ্বগতি, টালমাটাল বিশ্ব অর্থনীতি

ইরানকে অস্ত্র দেওয়া দেশগুলোর ওপর আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের