হোম > অর্থনীতি

গাজীপুরের কাঁঠাল: লক্ষ্য এবার বিদেশের বাজার

রাতুল মণ্ডল, (শ্রীপুর) গাজীপুর

শ্রীপুরের জৈনা বাজার থেকে পাইকারেরা কাঁঠাল কেনার পর ট্রাকে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ অঞ্চলে। ছবি: আজকের পত্রিকা

ভোর হওয়ার আগেই গাজীপুরের শ্রীপুরে শুরু হয় কাঁঠালকেন্দ্রিক কর্মচাঞ্চল্য। বাগান থেকে সংগ্রহ করা কাঁঠাল ট্রাক, পিকআপ, অটোরিকশা ও ভ্যানে করে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। মৌসুমজুড়ে কাঁঠালকে ঘিরে গড়ে ওঠা এই বাণিজ্য এখন স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের প্রায় সব উপজেলায় কাঁঠাল উৎপাদিত হলেও সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র শ্রীপুর। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, শুধু শ্রীপুরে বছরে গড়ে প্রায় ৭৮ হাজার টন কাঁঠাল উৎপাদিত হয়। খাজা, গালা ও দোরসা—এই তিন প্রজাতির কাঁঠালই এখানে বেশি আবাদ হয়।

২০২৫ সালে স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে গাজীপুরের কাঁঠাল ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পায়। এর পর থেকে দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানি বাজারেও এই কাঁঠালের সম্ভাবনা নিয়ে কাজ শুরু হয়েছে।

শ্রীপুরের জৈনা বাজার বর্তমানে দেশের অন্যতম বড় কাঁঠালের পাইকারি বাজার। মৌসুমজুড়ে সপ্তাহের সাত দিনই বসে এই হাট। এ ছাড়া বরমী, বলদীঘাট, তেলিহাটি, গলদাপাড়া, রাজাবাড়ি, কেওয়া, চন্নাপাড়াসহ শ্রীপুরের বিভিন্ন এলাকায় কাঁঠালকেন্দ্রিক বেচাকেনা জমে ওঠে। একইভাবে কাপাসিয়া, কালিয়াকৈর ও কালীগঞ্জেও রয়েছে একাধিক বড় বাজার।

সম্প্রতি জৈনা বাজার ঘুরে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাঁঠালের স্তূপ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারেরা সেগুলো কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ অঞ্চলে। বাজারজুড়ে চলছে দরদাম, বাছাই ও পরিবহনের ব্যস্ততা।

তবে উৎপাদন বাড়লেও এ বছর দাম নিয়ে হতাশ চাষিরা। জৈনা এলাকার বাগানের মালিক মনির হোসেন বলেন, উৎপাদন ভালো হলেও দাম অনেক কম। অনেক বাগানে কাঁঠাল গাছেই নষ্ট হচ্ছে। অনেক সময় বিক্রির টাকা দিয়ে পরিবহনের খরচও ওঠে না।

পাইকারি ব্যবসায়ী শহিদুল্লাহ জানান, মাঝারি আকারের ১০০টি কাঁঠালের একটি লট ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাঁঠালের লট বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার টাকায়, আর ছোট কাঁঠালের লটের দাম ৩ থেকে ৫ হাজার টাকা।

স্থানীয় পাইকার আজিজ মিয়া বলেন, শ্রীপুরের কাঁঠালের মিষ্টতা ও স্বাদের কারণে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যান। বাজারে এই কাঁঠালের আলাদা চাহিদা রয়েছে।

ঢাকা থেকে কাঁঠাল কিনতে আসা ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, শ্রীপুরের কাঁঠাল বাজারে দ্রুত বিক্রি হয়ে যায়। অনেক ক্রেতা নাম শুনে এই অঞ্চলের কাঁঠাল কিনতে চান।

কৃষি বিভাগ বলছে, কাঁঠালকে ঘিরে এখন শুধু তাজা ফলের বাজার নয়, প্রক্রিয়াজাত পণ্যের সম্ভাবনাও তৈরি হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ‘উত্তম কৃষিচর্চার মাধ্যমে উৎপাদিত কাঁঠাল ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানির প্রস্তুতি প্রায় শেষ। আগামী মৌসুম থেকে বাণিজ্যিকভাবে রপ্তানি শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।’ তিনি বলেন, কাঁঠাল সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং আচার ও ‘রেডি টু কুক’ পণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এতে কৃষকেরা আরও ভালো দাম পাবেন এবং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মানুষের হাতে বাড়ছে নগদ টাকা

এশিয়া প্রেস্টিজ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্টের নুরুল আফছার

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্র্যাঞ্চ উদ্বোধন

ইউএস-বাংলা বহরে যুক্ত হচ্ছে আরও ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

প্রিয় এজেন্টে ক্যাশ আউটের চার্জ কমাল বিকাশ

রাষ্ট্রের ৯ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে ২ লাখ কোটি টাকার বেশি: অর্থমন্ত্রী

মুজিব বর্ষ উদ্‌যাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

৩৩ জীবনবিমা কোম্পানি: গ্রাহকের টাকা নিয়ম ভেঙে ব্যয়

আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে ৩ সেপ্টেম্বর শুরু ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট-২০২৬’

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে