• সরাসরি ফ্লাইট ৬৯টি, ট্রানজিট ৭৭টি
• বিমানের ২৯টি ফ্লাইটের কার্যক্রমে প্রভাব
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৪৬টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এসব ফ্লাইটের কারণে এ পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৩১ জন যাত্রী। প্রভাবিত ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৬৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি রয়েছে।
অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পর ভ্রমণের পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে সৌদি আরবে বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।