হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ব্যালটে আগাম সিল থেকে জাল ভোট—ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর যত অভিযোগ

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

ভোট গ্রহণে নানা অভিযোগ তুলে সদর উপজেলার গোয়ালপাড়ার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দেলাওয়ার হোসেন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর অভিযোগ, কয়েকটি কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি ছিল না, কোথাও ব্যালট পেপারে আগেই সিল মেরে রাখা হয়েছিল। এ ছাড়া জাল ভোট, ভোটারদের একাধিক ব্যালট পেপার দেওয়া এবং ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল মারার অভিযোগও করেছেন তিনি। তবে এখনো ভোট বর্জনের সিদ্ধান্ত নেননি এই প্রার্থী।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার গোয়ালপাড়ার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দেলাওয়ার হোসেন। তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

দেলাওয়ার হোসেনের অভিযোগ, কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের কারও কারও পরিচয়পত্র ছিল না। আবার কারও পরিচয়পত্রে ছবি ছিল না। এতে তাঁরা নির্বাচন কমিশনের নিয়োগ করা কর্মকর্তা কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপির লোকজন ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্যালট পেপারে আগাম সিল মারার অভিযোগ তুলে জামায়াতের এই প্রার্থী বলেন, কয়েকটি কেন্দ্রে ২০ থেকে ২৫টি ব্যালট পেপারে আগেই সিল মেরে রাখা হয়েছিল। এতে ভোটারদের একাধিক ব্যালট পেপার দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভোটারদের দুই থেকে তিনটি ব্যালট পেপার দিয়ে সহযোগিতা করার অভিযোগও পেয়েছেন বলে দাবি করেন তিনি।

জাল ভোটের বিষয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোট দিতে গিয়ে পাঁচ থেকে ছয়জন বিএনপির কর্মী ধরা পড়েছেন বলে জানতে পেরেছি। এ ছাড়া ধানের শীষ প্রতীকের টি-শার্ট ও গেঞ্জি পরে লোকজনকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। বড় খোঁচাবাড়ি হাটের একটি কেন্দ্রে এমন ঘটনা দেখে অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট ব্যক্তিদের কিছু সময় আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

রাজাগাঁও খড়িবাড়ি এলাকায় ডাব প্রতীকের এক প্রার্থীর এজেন্টের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলেও অভিযোগ করেন দেলাওয়ার হোসেন। তাঁর দাবি, ওই এলাকায় ব্যাপক জাল ভোট দেওয়া হচ্ছে। এমনকি শিশুদের দিয়েও ভোট দেওয়ানো হচ্ছে বলে তিনি শুনেছেন।

এ ছাড়া পৌরসভার আশপাশের বুলবুল কেন্দ্রের বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, সকালে সেখানে আমার দলের ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া হয়। পরে টেবিলের ওপর সেগুলোতে ধানের শীষ প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভোট বর্জন করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেলাওয়ার হোসেন জানান, তাঁরা ভোট বর্জন করতে নির্বাচনে অংশ নেননি। তাঁদের লক্ষ্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যাতে ভোটারদের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা তৈরি হয়।

জামায়াতের এই প্রার্থী বলেন, সারা দেশে মাত্র একটি আসনে নির্বাচন হচ্ছে। এ ধরনের নির্বাচনে প্রশাসনের যে প্রস্তুতি থাকা প্রয়োজন ছিল, তা দেখা যায়নি বলে আমাদের মনে হয়েছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রস্তুতিতে ঘাটতি রেখেছে কি না, কিংবা দাঁড়িপাল্লাকে হারিয়ে ধানের শীষকে বিজয়ী করার উদ্দেশে এমনটি করা হয়েছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটের হার ৩০ থেকে ৬০ শতাংশের মধ্যে দেখেছেন বলে জানান দেলাওয়ার হোসেন। তবে পুরো আসনের গড় ভোটের হার সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে উল্লেখ করেন তিনি।

ভোট বর্জনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না জানিয়ে জামায়াতের এই প্রার্থী বলেন, তাঁরা আরও কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোট গ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার

ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বললেন, ‘শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী’

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট

ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি

আড়াই ঘণ্টার ধাওয়া, চলন্ত ট্রাকে ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি