হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ফেসবুকে প্রচার করে মিছিল ও গোপন বৈঠক, ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোররাত ৪টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এবং একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন বৈঠক ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পুলিশ পৌঁছালে তাঁরা পালিয়ে যান। পরে গতকাল মঙ্গলবার রাতে থানায় মামলা দুটি করা হয়।

প্রথম মামলাটি করেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

একই দিন রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন নিউমুন, এস এম সালমান, মাহাবুব, সি এম সাব্বির হাসান হৃদয়, আবিদ হোসেন হৃদয় গুড্ডু, বিধান রায়, মো. শাওন সাব্বির, স্বাধন, রাজু ওরফে ছোট রাজু, বড় রাজু, মো. মনোয়ার হোসেন, বাধন, প্রীতম ও অন্তর শেখ।

এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা উসকানিমূলক প্রচারণা চালিয়ে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ভীতি সৃষ্টি ও সার্বভৌমত্ব বিনষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে গোপনে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।