হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ১০ লাখ টাকাসহ দম্পতি আটক, মোটরসাইকেল জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১০ লাখ টাকা, মোটরসাইকেলসহ এক দম্পতি আটক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ১০ লাখ টাকা, মোটরসাইকেলসহ এক দম্পতি এবং ইয়াবাসহ অপর এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে মোটরসাইকেল নিয়ে মো. নাজির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাজিরকে আটকের পর পুলিশ ঘটনাস্থলেই ছদ্মবেশে অবস্থান নেয়। কিছু সময় পর তাঁর স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) একটি শপিং ব্যাগ হাতে সেখানে উপস্থিত হলে পুলিশ তাঁকেও আটক করে। পরে ওই ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন। নাজমা বেগম মাদক কারবারে অর্থের জোগান দিতেন। নাজির হোসেনের বিরুদ্ধে আগের তিনটি মাদক মামলা রয়েছে।

অপর দিকে একই দিন রাতে ঠাকুরগাঁও সদর থানার চেরাডাঙ্গী বাজারসংলগ্ন নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ মো. আসাদুজ্জামান ওরফে দুলাল (৩৮) নামের এক যুবককে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।