ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য চীন সফরের বিশেষ সুযোগ তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ে আরও বেশি চীনা বিনিয়োগ আসবে এবং চলতি বছরের জুলাই অথবা আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধিদল জেলা সফর করবে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ‘বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগ’-এর আওতায় স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
ঠাকুরগাঁওয়ের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘এখানে আসার পথে আমি বিস্তীর্ণ কৃষিজমি দেখেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ঠাকুরগাঁও সম্পর্কে অনেক তথ্য জানিয়েছেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এখানে আরও চীনা বিনিয়োগ আসবে। আমি আজ প্রতিশ্রুতি দিচ্ছি, চলতি বছরের জুলাই বা আগস্ট মাসে চীনের একটি প্রতিনিধিদল ঠাকুরগাঁও সফর করবে।’
অনুষ্ঠানে এক শিক্ষার্থীর ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি আশা করি, ভবিষ্যতে আপনারা চীনা ভাষাতেও দক্ষতা অর্জন করবেন। চলতি বছর অথবা আগামী বছরে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের নিয়ে চীন সফরের ব্যবস্থা করা হবে। আমরা সেই সুযোগ তৈরির জন্য কাজ করব।’
বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওয়ে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ‘শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের মানুষের কল্যাণে চীনা দূতাবাস প্রতিবছর বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে। আমরা শিক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।’
চীন-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনা করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিক্ষা খাতে সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।