ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হতাশ হয়ে পড়েন। পরিবারের ধারণা, পরীক্ষার ফল নিয়ে হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
রাব্বিলের বাবা রমজান আলী বলেন, ‘আমার ছেলে পড়াশোনায় কিছুটা অন্যমনস্ক ছিল। তবে এমন চরম সিদ্ধান্ত নেবে, তা কখনো ভাবিনি। পরীক্ষার ফলাফলের হতাশাই আমার বুক খালি করে দিল।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ওই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এদিকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ; বালিয়াডাঙ্গীর হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ; পীরগঞ্জের একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ এবং রানীশংকৈলের ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজ, গোগড় কলেজ ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।
জেলায় এবার ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৪৩৯ জন। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই নামসর্বস্ব এবং সেখানে মানসম্মত পাঠদানের ঘাটতি রয়েছে।
জেলা প্রশাসক রফিকুল হক বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই নন-এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানে শিক্ষাদানের ন্যূনতম অবকাঠামো ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। ফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।