টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচা শহীদুল ইসলাম মণ্ডলকে (৬২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম ওই গ্রামের কাশেম আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে ইউসুফের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ ও তাঁর সহযোগীরা অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যান। পরে স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমিসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।