টাঙ্গাইলের সখীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে আবুল হাশেম দুর্জয় নামে এক ব্যক্তিকে কান ধরে উঠবস করিয়েছেন স্থানীয়রা।
আজ শনিবার বিকেলে সখীপুর-কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সলঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সন্ধ্যার পর থেকে দুর্জয়কে কান ধরে উঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এইচ এম আবুল হাশেম দুর্জয় উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিজের নামের আগে দেশবন্ধু উপাধি লেখেন। তিনি নিজেকে জাতীয় প্রজন্ম পরিষদের আহ্বায়ক ও ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলেও দাবি করেন। এ ছাড়া সম্প্রতি তিনি একটি অনলাইন পত্রিকার সখীপুর প্রতিনিধি হিসেবেও পরিচয় দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবুল হাশেম দুর্জয় গতকাল ‘বিউটিফুল টাঙ্গাইল’ নামের একটি ফেসবুক পেজে স্থানীয় এক মুক্তিযোদ্ধার পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেন। পরে ওই পেজ থেকে ঘটনাটি প্রচার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্থানীয় সলঙ্গা মোল্লা বাজারে আবুল হাশেম দুর্জয়কে কান ধরে উঠবস করিয়েছেন। এ সময় আবুল হাশেম দুর্জয়কে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য নিতে আবুল হাশেম দুর্জয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি আমি অবগত নই। এ ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগও করেনি। এইমাত্র আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজ নিচ্ছি।