হোম > অপরাধ > সিলেট

ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, ভাইয়ের দাবি হত্যা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

মৌলভীবাজারের রাজনগর বাজারের আব্দুল মতিন খান (৬০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নিজ বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বাধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত ব্যবসায়ী আব্দুল মতিন খান উপজেলার রাজনগর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মৃত মনু খানের ছেলে। তিনি রাজনগর বাজারের এস এম এন্টারপ্রাইজের মালিক। 

এলাকাবাসীরা বলছে, শনিবার সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন দূর থেকে তাঁরই বাড়ির পাশের পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে মতিন খানকে বসা অবস্থায় দেখতে পায়। পরে কাছে গিয়ে দেখা যায় তাঁর হাঁটু গেড়ে বসা ও বাম হাত গাছের সঙ্গে জড়িয়ে রাখা এবং গলায় লাইলনের রশি লাগানো অবস্থায় ছোট একটি বট গাছের সঙ্গে আব্দুল মতিন খানের মরদেহ বাঁধা রয়েছে। এ সময় তাঁর পাশেই জুতো, ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন ও মাস্ক পড়ে ছিল। পরে এলাকার মানুষের মধ্যে দ্রুত এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে রাজনগর থানায় খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, মৌলভীবাজারের সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল ও আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায় তাঁরা। 

নিহতের ভাই মুজিবুর রহমান খান বলেন, ‘নিহত আব্দুল মতিন খান সিলেট বসবাস করতেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে কল করে রাজনগর বাজারের বাসায় আমাকে দেখা করতে বলেন। আমি বাসায় গিয়ে দেখা করার পর আমাকে ঘর ভাড়ার টাকা দেন। তখন জানতে চাই বাড়িতে যাবেন কিনা, তিনি জানান, সিলেটের বাসায় চলে যাবেন। কীভাবে সিলেট যাবেন জানতে চাইলে বলেন, আমার গাড়ি আছে গাড়ি দিয়ে চলে যাব। সকালে পুকুর পাড়ে অনেক লোক জড়ো দেখতে পেয়ে এসে দেখি আমার ভাইয়ের মৃতদেহ গাছের সাথে বাঁধা রয়েছে।’ 

নিহতের ছোট ভাই মসুদ আহমদ খান বলেন, ‘আব্দুল মতিন খান আমাদের চার ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি রাজনগর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশের বাসায় এবং সিলেট বাসায় থাকতেন। আজ সকালে আমাদের পাশের বাড়ির ছয়ফুল মিয়া আমার ভাইয়ের লাশ দেখতে পেয়ে সোহেলকে খবর দেয়। এখানে (পুকুর পাড়ে) মানুষ সমাগম দেখে আমার স্ত্রী আমাকে দেখতে বলে, আমি এসে দেখি আমার ভাইয়ের লাশ গাছের সাথে বাঁধা। আমার ভাইকে হত্যা করা হয়েছে। তাঁর টাকা পয়সার লেনদেন থেকে আগেও তাঁর ওপর হামলা করা হয়েছিল।’ 

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার সময় আমরা খবর পাই পার্শ্বিপাড়া গ্রামে গাছের সাথে একটা মরদেহ বাঁধা। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও রাজনগর থানার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হই। মুত্যুর ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত