সুনামগঞ্জে প্রেম করে বিয়ের পাঁচ মাস না পেরোতেই বিষপানে স্বামী-স্ত্রী মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দিরাই থানা-পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. মাহফুজ (২০) ও তাঁর স্ত্রী একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকা বেগম (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মেয়ে মনিকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অজান্তে তাঁরা বিয়ে করেন। একপর্যায়ে উভয় পরিবার বিয়ের বিষয়টি মেনে নেয়। বিয়ের পর নিহত মাহফুজ ও মনিকা একসঙ্গে বসবাস করে আসছিলেন।
রোববার পরিবারের সদস্যদের নিয়ে সকালের খাবার একসঙ্গে খান তাঁরা। মাহফুজের বাবা খাবার-দাবার সেরে হাওরে ধান কাটতে যান। কিছুক্ষণ পর খবর পেয়ে বাড়িতে এসে দেখেন দুজনই অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। আহত দুজনকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মনিকা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত মাহফুজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে হয়তো সুনির্দিষ্ট কারণ জানা যাবে।