সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার মানাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিকলু রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একটি পর্যটকবাহী নৌকা টাঙ্গুয়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীর তীরে নৌকাটি নোঙর করে। নৌকা থেকে নেমে পর্যটকদের কয়েকজন প্রয়োজনীয় কিছু কিনতে পার্শ্ববর্তী বাজারে যান। অন্যদের সঙ্গে গোসল করতে নদীতে নামলে নিখোঁজ হন আব্দুল মাজেদ পিকলু।
নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় লামাগাঁও এলাকার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর পুলিশ পিকলুর মরদেহ তাহিরপুর থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, দুপুরের দিকে মানাই নদী থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে কোনো মামলা হয়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।