হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মারধর ও চাঁদাবাজির মামলা

সিরাজগঞ্জে বিএনপি নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি   

আজাদ হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি। আজ শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ২৬ জুলাই আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং মারধর ও চাঁদাবাজির মামলার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর সব রাজনৈতিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্র ও মামলা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত ২৬ জুলাই উল্লাপাড়া মডেল থানার ফটকের সামনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ওরফে মিস্টারকে মারধরের অভিযোগে একটি মামলা হয়। একই দিন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন। দুটি মামলাতেই আজাদ হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ২৭ জুলাই পৃথক ওই দুই মামলায় আজাদ হোসেনসহ উপজেলা বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা এলাকার আশিক (১৯), রবিউল ইসলাম (২০), মনতাজ (৫০), শাহাদাত হোসেন (৩৮) এবং আবদুল মোমেন (৪৫)। ওই দিন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

দলীয় পদ স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে আজাদ হোসেন বলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই অত্যন্ত অন্যায়ভাবে তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গত ১৭ বছরে তিনি ২৬ বার কারাবরণ করেছেন বলেও দাবি করেন। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলে তা চরম অন্যায় ও অবিচারের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিধিমোতাবেক আজাদ হোসেনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার

তাড়াশে খাল থেকে নিখোঁজ সিএনজিচালকের মরদেহ উদ্ধার

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ-স্মারকলিপি প্রদান

প্রেমিকার বিয়ের দিনে আমবাগানে মিলল যুবকের লাশ

কামারখন্দে এক রাতে গোয়ালঘরের তালা ভেঙে সাত গরু চুরি

সিরাজগঞ্জে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেলওয়ের ৫ সদস্যের তদন্ত কমিটি

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত: বিভিন্ন স্টেশনে আটকা চার আন্তনগর ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ