দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটি।
কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, সদস্য আব্দুস ছামাদ প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় খননের দুই বছর পার হতে না হতে বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই সংকট থেকে উত্তরণের জন্য টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মনে করেন বক্তারা।