রংপুরের পীরগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ঝাড়আমবাড়ী-গোপালপুর সড়কের সিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত হন।
নিহত নেপেন কুজুর মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে।
আহত ফিলকস কুজুরকে মুমূর্ষু অবস্থায় পুলিশের পিকআপ ভ্যানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিলকস কুজুর পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে।
ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পিকআপ ও অটোভ্যান জব্দ করা হয়েছে।