রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের একজন সহকারী (হেলপার) ও দুই যাত্রী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বলেন, নিহত তিনজনের মধ্যে একজন বাসের সহকারী এবং অন্য দুজন যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অন্যজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরানোর ব্যবস্থা চলছে।
এদিকে, মহাসড়কে অবৈধভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।