রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে করা এসব মামলায় সৌরভ চন্দ্র মোহন্ত ও শফিকুল ইসলাম আরিফ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সৌরভ চন্দ্র মোহন্ত উপজেলার সদর ইউনিয়নের বিশু চন্দ্র মহন্তের ছেলে এবং শফিকুল ইসলাম আরিফ উপজেলার গুজিপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন গতকাল সোমবার সন্ধ্যায় তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনায় বিশু চন্দ্র মহন্ত থানায় একটি মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, ‘ধর্ম অবমাননার’ অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্তকে আসামি করে মামলা করেন আমিনুল দাপাদার নামের এক ব্যক্তি। এ মামলার পর রাতেই সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, পাল্টাপাল্টি মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।