হোম > সারা দেশ > রংপুর

মালয়েশিয়ায় মনিরুলের মৃত্যু: বাড়িতে মরদেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

আজ শুক্রবার সকালে মনিরুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন। ছবি: আজকের পত্রিকা

সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন মা-বাবা। ভেবেছিলেন, ছেলে উপার্জন করে টাকা পাঠালে ফিরবে সংসারে সচ্ছলতা। দুই মেয়েকে নিয়ে একটু ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলেন বাবা ইয়াসিন আলী। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমানো একমাত্র ছেলে মনিরুল ইসলাম (২৪) ফিরলেন লাশ হয়ে। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

মনিরুল রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী (চন্দ্রকোনা) গ্রামের ইয়াসিন আলীর ছেলে। পরিবারের আর্থিক অনটন দূর করতে ২০২৩ সালের মার্চ মাসে মালয়েশিয়ায় যান তিনি। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মনিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তাঁর পাঠানো টাকায় কোনো রকমে চলত সংসার। তাঁকে ঘিরেই ছিল পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার আশা।

পরিবার সূত্রে জানা গেছে, ১৫ অক্টোবর মনিরুলের মৃত্যুর খবর পান স্বজনেরা। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো জানতে পারেননি তাঁরা।

একমাত্র ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা ইয়াসিন আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছেলেকে পাঠিয়েছিলাম সংসারটা ভালোভাবে চালানোর আশায়। আমার এক ছেলে, দুই মেয়ে। ছেলে যে টাকা পাঠাত, তা দিয়ে কোনো রকমে সংসার চলত। এখন আমার কী হবে?’

মনিরুলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে মুহ্যমান তাঁর মা। ছেলের মৃত্যুর খবর কীভাবে পেয়েছেন, তা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, ‘যাদের সঙ্গে ছিল, তারা ফোন দিয়ে জানায়, রাতে ঘুমিয়েছে। কিন্তু আমার ছেলে আর ওঠেনি। পরদিন যারা তার সঙ্গে ছিল, তারা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান, সে মারা গেছে। কী কারণে মারা গেছে, এখনো কিছুই জানি না। ছেলে নেই, এখন কে আমাকে মা বলে ডাকবে? সংসার কে চালাবে?’

মনিরুলের চাচা আলতাফ হোসেন বলেন, ‘বড় ভাইয়ের ছেলেকে অনেক আশা নিয়ে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে ফিরল লাশ হয়ে। কী হয়েছে, সেটাও আমরা জানি না। গত ১৫ অক্টোবর কীভাবে তার মৃত্যু হলো, তা-ও আমাদের অজানা। আমরা জানতে চাই, আমার ভাতিজার আসলে কী হয়েছিল? কী কারণে তার মৃত্যু হলো?’

শুক্রবার সকালে মনিরুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

মনিরুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাঁর স্বজনেরা। কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত তথ্য জানার প্রত্যাশা তাঁদের। যে ছেলেকে ঘিরে অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন মা-বাবা, সেই ছেলেকে হারিয়ে এখন দিশেহারা পরিবারটি।

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

বাঁশপাতার চা তৈরির উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রথম বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন লাখ টাকা

এসি ল্যান্ডের নির্দেশ উপেক্ষা করে সরকারি জমিতে ভবন নির্মাণের অভিযোগ

এক বছরে শ্যামাসুন্দরী খালের কাজ ১৮ শতাংশ, জুনের মধ্যে অবশিষ্ট কাজ শেষের তাগিদ

কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড

রংপুরে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, তিনজনই পোশাকশ্রমিক

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে আপত্তি, তদন্তে নির্বাচন কর্মকর্তারা

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বাড়িঘরে ভাঙচুর, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ২

রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে তিন বাড়িতে ভাঙচুর, শতাধিক পুলিশ মোতায়েন