হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

দাম নিয়ে শঙ্কায় ঠাকুরগাঁওয়ের লিচুচাষি ও ব্যবসায়ীরা

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের লিচুচাষি ও ব্যবসায়ীরা লিচু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অতিরিক্ত খরায় লিচু ফেটে যাওয়া, গায়ে দাগ পড়া ও আকারে তুলনামূলক ছোট হওয়ার কথা বলছেন তাঁরা। এ পরিস্থিতিতে গাছগুলোতে অনেক লিচু থাকলেও কেমন দাম পাবেন তা নিয়ে শঙ্কায় আছেন। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক সিরাজুল ইসলাম লিচু আকারে কিছুটা ছোট হলেও বিক্রি করে চাষিরা লাভবান হবেন বলে আশা করেন।

নারগুন এলাকার লিচুচাষি ও মৌসুমি ব্যবসায়ী ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে ৫ লাখ টাকা চুক্তিতে চারটি লিচুবাগান কিনেছেন। আশা ছিল এসব বাগান থেকে ৮–৯ লাখ টাকা ব্যবসা করবেন। এখন তিনি মূলধন হারানোর শঙ্কায় আছেন। দীর্ঘদিন ধরে খরা থাকায় অনেক গাছের লিচু বিবর্ণ হয়ে গেছে। কালচে রং ধারণ করে লিচুর চামড়ায় দেখা দিয়েছে দাগ।

ফারুক হোসেন আরও বলেন, ‘গাছে প্রচুর পরিমাণ লিচুর গুটি দেখে আশায় বুক বেঁধে চড়া দামে বাগান কিনেছি। কিন্তু অতিরিক্ত খরার কারণে লিচু পাকা ও হলুদ রং ধারনের আগেই ফেটে যাচ্ছে। আকারও তুলনামূলক ছোট হয়েছে। এ কারণে বাজারজাতকরণ নিয়ে শঙ্কায় পড়েছি।’জেলার মুন্সিরহাট, গোবিন্দনগর, নারগুন, জগন্নাথপুর, বেগুনবাড়ী আকচাসহ কয়েকটি গ্রাম ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বলে একই চিত্র পাওয়া গেছে।

সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের লিচুচাষি রুহুল আমিন বলেন, এ বছর অতিরিক্ত খরার কারণে লিচু ঝলসে যাওয়ায় চাষিরা কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবেন না। কয়েক দিনের মধ্যেই এসব বাগানের লিচু বাজারজাতকরণের উপযোগী হয়ে উঠবে। এরপর ব্যবসা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করছে। 

একই এলাকার লিচুচাষি আমির হোসেন বলেন, ‘আমার বাগানে ২০০ লিচুগাছ আছে। লিচু ঝরে পড়া রোধে গাছে সেচ দিচ্ছি। অন্যদিকে বাদুড়সহ বিভিন্ন প্রাণী তাড়াতে লিচুগাছে জাল টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে যেমন খরচ বেড়েছে, তেমনি ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’ 

অন্য একটি বাগানের মালিক হাকিম উদ্দিন বলেন, ‘এ বছর সারসহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় এবার লাভ বেশি না হলে বিকল্প খোঁজারও চিন্তা করছি।’

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৯০৫ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আর এসব বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৯৯৮ মেট্রিক টন। এ ছাড়া এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় ও আশপাশের ভিটাবাড়িতে লিচুর চাষ করছেন স্থানীয়রা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এবার খরা ও বৈরী আবহাওয়া সত্ত্বেও লিচুর ফলন ভালো হয়েছে। বৃষ্টিপাত তেমন না হওয়ায় লিচু তেমন বড় হয়নি। তবে লিচু বিক্রি করে চাষিরা লাভবান হবেন এমন আশা করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ