হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাইখালীতে স্বেচ্ছাশ্রমে ঝুলন্ত বাঁশের সেতু নির্মাণ করলেন এলাকাবাসী

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাইখালীতে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন ঝুলন্ত সেতুটি। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি ১ নম্বর পাড়া। পাহাড়ি-বাঙালি মিলে এই পাড়ায় ১৫০টি পরিবারের বসবাস। যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল নারানগিরি খালের ওপর একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। বছরের পর বছর সরকারের কাছে আবেদন করেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসী এখন হতাশ।

উপায়ান্তর না দেখে এলাকাবাসী এখানে ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন একটি অস্থায়ী ঝুলন্ত সেতু। সেতুটির নির্মাণকাজ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, মো. মানিক, মো. লোকমান, পুলু মারমা এবং এলাকার কারবারি সুইথি মং মারমার সঙ্গে কথা বলে জানা যায়, জরাজীর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের বছরের পর বছর চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে এই সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এ ছাড়া অসুস্থ, মুমূর্ষু রোগী ও অন্তঃসত্ত্বা নারীদেরও হাসপাতালে যাতায়াত করতে হয় এই সাঁকো ব্যবহার করে। কিন্তু বর্ষায় খালের স্রোতে সাঁকোটি তলিয়ে যায়। এ কারণে তাঁরা ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে নিজেদের ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছেন।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে একটি ঝুলন্ত বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে একাধিকবার এই খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে এই খালের ওপর সেতু নির্মাণের প্রস্তাবটি পাস হয়ে আছে। শিগগির টেন্ডারের প্রক্রিয়ার যাব আমরা। আশা করছি, পরবর্তী অর্থবছরের শুরুতেই নির্মাণকাজ শুরু করতে পারব।’

সাজেকসহ রাঙামাটির সব পর্যটনকেন্দ্র আবারও উন্মুক্ত

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, ৫ ইউনিট থেকে চলছে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পানির উচ্চতা ছাড়িয়েছে ১০০ ফুট, বিদ্যুৎ উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি

ত্রাণ ও পুনর্বাসনে সমন্বয়ের কোনো ঘাটতি নেই, ক্ষতিগ্রস্ত সবাই সহযোগিতা পাবেন: রাঙামাটিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে ভারী বর্ষণে দুর্গত মানুষের পাশে বিজিবি

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ

পাহাড়ি ঢলে ধসে গেল ব্রিজঘাট সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

টানা বৃষ্টিতে প্লাবিত বাঙ্গালহালিয়া, মারা গেল খামারের প্রায় দেড় হাজার মুরগি

জলে টইটম্বুর কাপ্তাই লেক, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ে পাহাড়ধসে গাছচাপায় আহত ২, বিধ্বস্ত বসতঘর, আহত গর্ভবতী গাভি