পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করে বস্তি উচ্ছেদ বন্ধ এবং নগর দরিদ্র মানুষের আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, গ্রিন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বস্তিবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরের বিভিন্ন বস্তিতে বসবাসকারী হাজারো পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদের শঙ্কায় রয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া কোনো উচ্ছেদ মানবিক নয় এবং নিরাপদ আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া বলেন, তাঁরা দখলদার নন, শ্রমজীবী মানুষ হিসেবে শহরের উন্নয়নে অবদান রাখছেন। তাই উচ্ছেদের পরিবর্তে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।
গ্রিন কোয়ালিশন রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানবাধিকার নীতির পরিপন্থী। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর গড়তে উন্নয়ন পরিকল্পনায় নগর দরিদ্র মানুষের আবাসনের বিষয়টি গুরুত্ব দিতে হবে।
কর্মসূচিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—পুনর্বাসন ছাড়া কোনো বস্তি উচ্ছেদ না করা, বস্তিবাসীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা, মৌলিক সেবা নিশ্চিত করা, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের মতামত নেওয়া এবং উন্নয়ন পরিকল্পনায় আবাসন অধিকারকে অগ্রাধিকার দেওয়া।
আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এসব স্বাক্ষর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।