বগুড়ায় এক সরকারি কর্মচারীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের তাদেরকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহিষাবান সরকারপাড়া এ ইউ দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসান মোহন, তাঁর সহযোগী মেহেদী হাসান, রবিউল ইসলাম রকি ও আশেকুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মরত কার্যসহকারী আব্দুল হান্নান ১৬ ফেব্রুয়ারি বিকেলে শহরের জলেশ্বরীতলা এলাকায় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে কফিপান করছিলেন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিরা রেস্টুরেন্টে ঢুকে আব্দুল হান্নান ও ওই নারীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিভিন্ন ধরনের ছবি তোলার পর মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আব্দুল হান্নান মানসম্মানের ভয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন এবং পরে ব্যাংক থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন। অপহরণকারীরা আবদুল হান্নানের কাছে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেন। পরদিন থেকে বাকি ৮ লাখ টাকার জন্য মোবাইল ফোনে চাপ দিতে থাকেন। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় মামলা করেন তিনি। মামলা করার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
শুক্রবার গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।