করোনা সংক্রমণরোধে পাবনার ভাঙ্গুড়ায় করোনা হেল্প সেন্টার চালু করেছে বিএনপি। শরৎনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আজ বুধবার দুপুর পৌনে দুইটায় এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা শেষে এ হেল্প সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক রাজিউল হাসান বাবু।
পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হিরোক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ূন কবির প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল হিরোক আজকের পত্রিকাকে জানান, করোনা সংক্রমণ রোধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। এখান থেকে উপজেলার করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডারসহ প্রাথমিক ওষুধ-পত্র বিনা মূল্যে সরবরাহ করা হবে।