ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে কেউ শত শত কোটি টাকার মালিক হলেও তাঁদের ছাড় দেওয়া উচিত নয়। রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে।’
আজ শনিবার বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে পুনঃস্থাপিত ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে তিনি চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯২ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল ছিল। কিন্তু পরবর্তীতে অবৈধভাবে চোরাচালান ও মাদক ব্যবসা করে অনেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে।’
আরএমপির উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, ‘আপনারা রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমরা এখানে সব নেতা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইনটা নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’
অনুষ্ঠানে আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।