হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদ: পাইলিং করে বন্ধ সেতু নির্মাণ

• নাপিতখালী সেতুর নির্মাণকাজ ছয় মাস ধরে বন্ধ।

• ৭৯ দশমিক ৪২ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ২২ কোটি টাকা বরাদ্দ।

• পাইলিং শেষ না হতেই ৪০ শতাংশ বিল পরিশোধ।

মো. হাবিবুল্লাহ, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে পাইলিংয়ের পর বন্ধ রয়েছে সেতুর নির্মাণকাজ। পাশে নড়বড়ে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। ছবিটি গতকালের। আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে নাপিতখালী সেতুর নির্মাণকাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ২২ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুটির জন্য শুধু খাল শাসন বা পাইলিং করেই আর কোনো কাজ এগোয়নি। এরই মধ্যে নির্ধারিত ১৭ মাসের মেয়াদের ৯ মাস পার হয়েছে। বাকি রয়েছে আট মাস। অথচ সেতুর মূল কাজই শুরু হয়নি। ফলে এই সময়ের মধ্যে ৭৯ দশমিক ৪২ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

সেতুর নির্মাণকাজে ধীরগতির কারণে এই পথে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। একই সঙ্গে তাঁরা পাশের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াতে দুর্ঘটনা এবং ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন।

এদিকে খালের পাইলিংয়ের কাজ পুরোপুরি শেষ না হলেও কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তারা ৩০ শতাংশ কাজ শেষ করেছে।

সওজের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ-স্বরূপকাঠি থেকে পিরোজপুর সড়কের নাপিতখালী এলাকার নাপিতখালী খালের ওপর থাকা আগের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর পাশেই নতুন সেতু নির্মাণের জন্য চলতি বছরের ৯ মার্চ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। প্রকল্পটির কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স। আগামী ৭ জুলাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হবে।

নাপিতখালী এলাকার বাসিন্দা মো. ফরিদ শেখ বলেন, বর্তমান সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশে আরেকটি সেতুর কাজ শুরু হলেও দু-তিন মাস পর তা বন্ধ হয়ে যায়। এভাবে ধীরগতিতে কাজ চললে সেতুর নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়ে আমরা শঙ্কিত।’

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মেহেদী সরোয়ার বলেন, ‘সড়কপথে উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু কাজ করার পর নির্মাণকাজ বন্ধ রয়েছে।’

নির্মাণকাজের দেখাশোনার দায়িত্বে থাকা ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্সের প্রতিনিধি পরিচয়ে গৌতম সাহা বলেন, ‘খালে পানির অতিরিক্ত স্রোতের কারণে প্রায় পাঁচ মাস কাজ বন্ধ ছিল। আগামী কালীপূজার পর আবার কাজ শুরু হবে। শ্রমিকদের সঙ্গে কথাও বলা হয়েছে। এরই মধ্যে সেতু নির্মাণের জন্য খালে মোট ৬৮টি পাইলের ৪৮টি স্থাপন করা হয়। বাকি পাইলগুলো পর্যায়ক্রমে বসানো হবে। তবে পুরো সেতুর কাজ সম্পন্ন হতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্সের পরিচালক মো. মাসুদ খান বলেন, ‘সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রকল্পে জমি অধিগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। ফলে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সমঝোতা করে জমির ব্যবস্থা করতে সময় লেগেছে। এ ছাড়া খালে পানির অতিরিক্ত স্রোতের কারণে কাজ করা সম্ভব হয়নি। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় মাস কাজ বন্ধ ছিল। তবে ৩০ শতাংশ কাজ হয়ে গেছে। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার আশা করছি।’

জানতে চাইলে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‘খালে পানির বেশি স্রোতের কারণে কাজ বন্ধ রয়েছে। ২০২৭ সালের ৭ জুলাই সেতুটির নির্মাণকাজের মেয়াদ শেষ হবে। এ পর্যন্ত ৪০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে। যতটুকু কাজ হয়েছে, সেই কাজের বিল পরিশোধ করা হয়েছে।’

পাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুর

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

১৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, মৃত আহ্বায়কের কমিটিতেই চলছে নেছারাবাদ যুবদল

ঋণে জর্জরিত জেলেদের জীবনে নিষেধাজ্ঞা যেন অভিশাপ

নেছারাবাদে বিএনপির সাবেক নেতার বিরুদ্ধে যুবদল কর্মীকে মারধরের অভিযোগ

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

পিরোজপুরে বৃদ্ধকে মারধরের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাজিরপুরে ট্রলারডুবির ৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার