পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কথিত পুশ ইন চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিজিবির বাধায় বাংলাদেশে প্রবেশ করতে না পারায় এবং বিএসএফ ফেরত না নেওয়ায় তারা দুই দেশের মাঝামাঝি এলাকায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোরে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়।
এর পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। বাংলাদেশ তাদের অবৈধ পুশ ইন হিসেবে গ্রহণ করছে না, আবার ভারতও তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিচ্ছে না। ফলে তারা দুই দেশের সীমান্তবর্তী জিরো লাইনে অবস্থান করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতভর মুষলধারে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে তাদের থাকতে হয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছে। বৃষ্টির পানি সংগ্রহ করে পান করার ঘটনাও জানা গেছে। নারী, শিশু ও পুরুষেরা সারা রাত ভিজে কাটিয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বড়বাড়ি ক্যাম্পের বিপরীতে বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশ ইন চেষ্টা করে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নেয়নি। বর্তমানে তারা ভারতের ভূখণ্ডে অবস্থান করছে।
তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।