পঞ্চগড়ের সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। আজ বুধবার সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
ওই দুই কিশোর হলো জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় রায় (১৫)। উদয় উপজেলার রশেয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণি ও ইন্দ্র একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৮) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস আজকের পত্রিকাকে বলেন, ‘আটক দুই কিশোরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে বোনের বাড়িতে ঘুরতে আসে উদয় রায় ও ভাতিজা ইন্দ্র রায়। আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় তারা। সীমান্তে তারা মোবাইল ফোন দিয়ে নিজেদের ছবি তোলে।
একপর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় গেলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।
পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফকে অবগত করে বিজিবি। পরে বিকেলে সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
লাকি আক্তার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, দুজন ছেলে সাইকেল নিয়ে এসে সীমান্ত এলাকার ছবি তুলছিল। হঠাৎ করে তাদের বিএসএফ আটক করে। একে একে বিএসএফের সংখ্যা বাড়তে থাকে এবং ওই দুজনকে মারতে থাকে।
উদয়ের বোন সিতা রানী বলেন, ‘আমার ভাই ও ভাইস্তাকে (ভাতিজা) ফেরত চাই। তারা তো ছোট, কিছু জানে না, ঘুরতে গেছে।’