হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৬ লাখ টাকা জরিমানা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও জমি থেকে মাটি কাটার দায়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এই অভিযান চালানো হয়।

অভিযানে পপুলার ব্রিকসের মালিক আবদুল আজিজ, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেন ও জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমি থেকে ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে তাঁদের জরিমানা করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার করা না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা-পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হাতিয়ায় ৪ দোকানে তালা দিয়ে দখলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

খরায় পুড়ছে আমনের খেত

হাতিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে নামছেন হাতিয়ার জেলেরা

নোয়াখালীতে কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল স্বর্ণা ও রূপার

হাতিয়ায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ করায় শিক্ষককে বেঁধে পেটানোর হুমকি

নোয়াখালীতে সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজব-অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির লিফলেট বিতরণ