হোম > সারা দেশ > নোয়াখালী

মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করলেন শিক্ষার্থী-অভিভাবকেরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

আজ দুপুরে অভিভাবক সমাবেশে বক্তব্য দেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। ছবি: আজকের পত্রিকা

বিদ্যালয়ে পড়াশোনার সময় মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করেছেন নোয়াখালীর হাতিয়ার মফিজিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বানে মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশে হাত তুলে এ অঙ্গীকার করেন তাঁরা।

বিদ্যালয়ে পড়াশোনার মান উন্নয়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। বক্তব্য দেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মুজাহিদুল ইসলাম, শিক্ষক কামরুজ্জামান, অভিভাবক মো. ফাহিম উদ্দিন, প্রবাসী কামরুল ইসলাম নুরসহ অনেকে।

ইউএনওর আহ্বানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা হাত তুলে মোবাইল ব্যবহার না করার অঙ্গীকার করেন। ছবি: আজকের পত্রিকা

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকাও অপরিহার্য। সন্তানেরা কোথায় যায়, কী করে—সর্বোপরি তাদের চলাফেরার দিকে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘সমাজে মোবাইল ব্যবহার এখন ব্যাধিতে রূপ নিয়েছে। বিশেষ করে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা ফাঁকি দিয়ে মোবাইলে আসক্ত হচ্ছে। এতে পড়াশোনার ক্ষতির পাশাপাশি তারা উগ্রতা ও বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। সন্তানদের মোবাইল ব্যবহার বন্ধে অভিভাবকদের কঠোর হতে হবে।’

পরে ইউএনওর আহ্বানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা হাত তুলে অঙ্গীকার করেন, বিদ্যালয়ে পড়াশোনা চলাকালে শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করবে না। অঙ্গীকার ভঙ্গ করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।