নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিন কিশোর আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বরইচতল গ্রামের অটো রাইস মিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কিশোরেরা হলো বরইচতল গ্রামের মো. তৌহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) ও মো. হোসেনের ছেলে মো. সাহের (১৭)। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের বরাতে জানা যায়, রাতে তারা তিনজন মোটরসাইকেলে করে স্থানীয় বাংলাবাজার থেকে বাড়ি ফিরছিল। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন মুখোশধারী তাদের মোটরসাইকেলের গতি রোধের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। প্রথম দফার গুলিতে তিনজনই গুলিবিদ্ধ হয়। পরে তারা মোটরসাইকেল দ্রুত চালিয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করলে আবারও গুলি ছোড়া হয়। তবে দ্বিতীয় দফার গুলি তাদের গায়ে লাগেনি।
উল্লেখ্য, গত সোমবারও একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন আহত হয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে ছররা গুলি লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।