নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চাপরাশিরহাট-চরআলগী সড়কের হালিমের মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহব্বত মিয়া নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন গ্রামের কামাল উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বতসহ কয়েকজন ধান মাড়াই শ্রমিক একটি মেশিন নিয়ে সুবর্ণচর থেকে কবিরহাটে আসেন। সকালে মেশিনটি নিয়ে ধান মাড়াই করতে হালিমের মোকামে যান তাঁরা। দুপুরে কাজ শেষে চরআলগী বাজারের দিকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা গাছবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান মাড়াই মেশিনসহ তাঁদের ভ্যানটি সড়কের পাশে উল্টে পড়ে গেলে মেশিনের নিচে চাপা পড়ে মহব্বত ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।