হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে শিক্ষার্থীদের মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও

নীলফামারী প্রতিনিধি

মিড-ডে মিলে পচা ডিম পেলেন ইউএনও। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা মিড-ডে মিলের খাবার পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও।

এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা মিড-ডে মিলের খাবারের মান পরীক্ষা করেন। পরিদর্শনের একপর্যায়ে একটি ডিম পচা অবস্থায় পাওয়া যায়। তবে খাবারটি তখনো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়নি।

জানা গেছে, বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য ডিম ও কলা সরবরাহ করেন বিদ্যালয়ের দপ্তরি আলী টিটুর স্ত্রী হেনা বেগম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, ‘ইউএনও বিদ্যালয় পরিদর্শনে এসে একটি ডিম পচা পেয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে তখনো ডিম বিতরণ করা হয়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’

ইউএনও আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনের সময় একটি ডিম নষ্ট পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম জানান, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত ডিম, কলাসহ পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। ফলে খাদ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও, পার্কিং চার্জ কমানোর দাবি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিক নিহত

ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার শরীর ম্যাসাজের ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ ও তদন্ত কমিটি গঠন

খুঁটি স্থাপনের সময় বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে, বিপর্যস্ত জনজীবন

নীলফামারীর সৈয়দপুর: রেলওয়ে হাসপাতালের আধুনিকায়ন স্থবির

নীলফামারীতে জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে তথ্যবিভ্রাট, উদ্বেগে পরীক্ষার্থী-অভিভাবকেরা

চায়না জাল তৈরির কারখানায় অভিযান, ৪১ লাখ টাকা মূল্যের জাল জব্দ