হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনা প্রতিনিধি

পূর্বধলায় পশুর হাট ইজারা কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের ইজারা কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই ঘটনা ঘটে। পরে প্রশাসন ইজারাবিষয়ক কার্যক্রম বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ১১টি ইউনিয়নে ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাটের জন্য ইজারা বিজ্ঞপ্তি দেয়। আজ দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে ইজারা ডাক শুরু হয়।

এ সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে তর্ক শুরু হয়। বিএনপির লোকজন জামায়াতের কয়েকজন নেতা-কর্মীকে কিলঘুষি মারেন। পরে জামায়াতের নেতা-কর্মীরা হল থেকে বের হয়ে যান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ইজারা কার্যক্রম স্থগিত করে দেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। শুনেছি, বিএনপির নেতা-কর্মীরা জোর করে সব হাটের ইজারা নিতে চেয়েছিলেন। এ সময় আমাদের দলের নেতা-কর্মীরা বাধা দেন। এতে বিএনপির নেতা-কর্মীরা আমার নেতা-কর্মীদের মারধর করে বের করে দেন। আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে আনইগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।’

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, ‘এমপির প্রভাব খাঁটিয়ে জামায়াতের লোকজন সব কটি বাজার নিয়ে নিতে চেয়েছিলেন। তখন আমার দলের নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আমার দলীয় কোনো লোকজন জামায়াতের লোকজনের ওপর হামলা চালায়নি। আমরা চাই, উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে বাজার ইজারা দেওয়া হোক।’

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘কোরবানি উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতের লোকজনের মধ্যে হট্টগোল তৈরি হয়। পরে ইজারা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় চাঁদাবাজির মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

৪২ কেজি ধান নিয়ে ৪০ কেজির দাম, দুর্গাপুরে ৪ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় ধনু নদে ট্রলারে মিলল ভারতীয় মদ ও পণ্য, গ্রেপ্তার ৩

নেত্রকোনায় খাদ্যগুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা

দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ: ডেপুটি স্পিকার

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা: বিএডিসির ভেজাল বীজে খেসারত দিচ্ছেন কৃষক

দায়িত্বশীলেরাই মামলার বাদী-সাক্ষী, আসামি হলেন ট্রাকচালক-হেলপার

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২