নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লি থেকে চুরি হওয়া ৪০ কেজি ওজনের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
চুরির দুই দিন পর আজ শুক্রবার সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার রাতে কুল্লাগড়া ইউনিয়নের ধর্মপল্লি থেকে ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘণ্টাটির আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি।
ধর্মপল্লি সূত্রে জানা যায়, ১৯১২ সালে প্রতিষ্ঠিত রানীখং সাধু যোসেফের ধর্মপল্লিতে পাঁচ বছর আগে ঘণ্টাটি সংগ্রহ করা হয়েছিল। চুরির খবর পেয়ে পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। তদন্তে নামে সিআইডি, ডিবি ও স্থানীয় পুলিশ। বিভিন্ন স্থানে তল্লাশির পর ধর্মপল্লি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।
ধর্মপল্লির ম্যানেজার পলিনুস রুরাম জানান, বুধবার রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি পাওয়া যায়নি। তখনই তাঁরা বুঝতে পারেন, ঘণ্টাটি চুরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা লিটন হাজং বলেন, ঐতিহ্যবাহী গির্জার ঘণ্টাটি চুরি হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। ঘণ্টাটি ফিরে পাব কি না, তা নিয়েও শঙ্কা ছিল। পুলিশের তৎপরতায় সেটি ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা জানান লিটন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চোরচক্র ঘণ্টাটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার ঘণ্টাটি উদ্ধার করে ধর্মপল্লির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘণ্টাটি উদ্ধার করা গেলেও চুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।