হোম > সারা দেশ > নেত্রকোণা

খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

ধনু নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্দার গ্রামের উত্তর-পূর্ব পাশে ধনু নদের তীরে এই অভিযান চালান ইউএনও অলিদুজ্জামান।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৪২) ও একই জেলার মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মো. মাফিজুল (২৪)।

পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার ধনু নদের বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে কয়েকটি চক্র প্রায়ই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে। উত্তোলিত বালু বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বালু উত্তোলনের ফলে নদের তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে আন্দার গ্রামের সামনে ধনু নদে অভিযান চালায় প্রশাসন।

অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়। পাইপলাইনসহ যন্ত্রপাতি পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো ব্যবহার করে পুনরায় বালু উত্তোলন করা না যায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের জন্য দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা পরিশোধ করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ইউএনও অলিদুজ্জামান বলেন, ধনু নদসহ উপজেলার কোনো নদ-নদী থেকে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু

মোবাইলে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখার সময় খালে পড়ে নিখোঁজ, দুদিন পর ভেসে উঠল লাশ

দুর্গাপুরে নানা আয়োজনে জগন্নাথদেবের রথযাত্রা পালিত

নেত্রকোনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২

আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নেত্রকোনায় ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

ট্রেন থেকে উদ্ধার একজন, অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে অপরজন

নেত্রকোনায় চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর