হোম > সারা দেশ > নাটোর

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ‘বিএনপি করি’ বলা রেজাউল বিদেশযাত্রার চেষ্টায় ছিলেন, দাবি পরিবারের

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক রেজাউল করিমের পরিবারের সদস্যরা জরাজীর্ণ বসতঘরের সামনে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে আটক নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২) পেশায় কৃষিশ্রমিক। রেজাউলের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

পরিবারের দাবি, বিদেশ যাওয়ার চেষ্টা করতে ঢাকায় গিয়ে পরিচিত এক কলেজছাত্রের সঙ্গে টিএসসি এলাকায় বেড়াতে গিয়েছিলেন তিনি। বিস্ফোরণের পর আতঙ্কে অন্যদের সঙ্গে দৌড়াতে গিয়ে হারিয়ে ফেলেন পাসপোর্ট। পরে পুলিশ তাঁকে আটক করে।

রেজাউলের বাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠোর মধ্যমপাড়া গ্রামে। স্ত্রী রেকসোনা বেগম (৩৫) ও দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন তিনি। বড় ছেলে নয়ন (১৮) বিশেষ চাহিদাসম্পন্ন। ছোট ছেলে রিয়াজ হোসেন (১৬) নবম শ্রেণিতে পড়ে।

আজ সোমবার রেজাউলের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কোনো জমিজমা নেই। কৃষিশ্রমিকের কাজ করে সংসার চালাতেন রেজাউল। অভাবের কারণে কখনো কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশে অংশ নেননি তিনি। কঠোর পরিশ্রম করে স্ত্রী-সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন।

রেজাউলের স্ত্রী রেকসোনা বেগম বলেন, দুই ছেলের ভবিষ্যতের কথা ভেবে রেজাউল বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য ধারদেনা ও সুদে টাকা নিয়ে পাসপোর্ট করেন। পরে ঢাকায় একটি দালালের অফিসে যোগাযোগ করতে যান। কিন্তু সেখানে গিয়ে রেজাউল এমন পরিস্থিতিতে পড়বেন, তা তাঁরা ভাবেননি।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় গিয়ে রেজাউল গ্রামের এক পরিচিত কলেজছাত্রের মেসে উঠেছিলেন। ওই তরুণ ফার্মগেট এলাকার একটি পলিটেকনিক কলেজে পড়েন এবং শাহবাগ এলাকায় একটি মেসে থাকেন। গতকাল রোববার বিকেলে তাঁর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বেড়াতে যান রেজাউল। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে অন্যদের সঙ্গে তিনিও আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেন। তখন তাঁর সঙ্গে থাকা পাসপোর্ট হারিয়ে যায়। পরে পুলিশ তাঁকে আটক করে। আটকের পর তাঁকে শারীরিক নির্যাতনও করা হয়েছে।

রেজাউলের ছোট ছেলে রিয়াজ হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁকে ঘিরেই সংসার, নিজের পড়াশোনার খরচ ও বিশেষ চাহিদাসম্পন্ন ভাইয়ের ভবিষ্যৎ। বাবাকে এ ধরনের মামলায় আটক করায় আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

রেকসোনা বেগম বলেন, রেজাউল বিদেশে গেলে সংসারের অভাব দূর হবে, ছোট ছেলে পড়াশোনা করে মানুষ হবে—এমন আশা ছিল। এখন তাঁকে দেখতে ঢাকায় যাওয়া কিংবা মামলার খরচ চালানোর সামর্থ্যও আমাদের নেই। ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। ঋণের টাকা কীভাবে শোধ করব, তা নিয়েও দুশ্চিন্তায় আছি। হয়রানিমূলক এ মামলা থেকে আমার স্বামী মুক্তি দেওয়া হোক।

রেজাউলকে আটকের খবরে বিস্মিত হয়েছেন গ্রামের মানুষও। তাঁদের দাবি, রেজাউল শ্রমজীবী মানুষ। কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল না; সভা-সমাবেশেও তাঁকে দেখা যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেজাউল করিমের বিষয়ে থানায় কোনো অভিযোগ নেই।

নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ

বড়াইগ্রামে পিস্তল ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টা, আহত ১

বড়াইগ্রামে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

পরিযায়ী পাখির কলতানে মুখরিত চলনবিল

গুরুদাসপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মিলল লাশ

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে দুই ডিলারকে শোকজ

আখের জমি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু

দখল না সরালে উচ্ছেদ, লালপুরের ব্যবসায়ীদের সতর্ক করল প্রশাসন