হোম > সারা দেশ > নাটোর

লালপুরে হ্যাকিং ও অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ, সবুজ ও আতিকুকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো হ্যাকিং এবং অনলাইন প্রতারণা চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর ঘোষপাড়া গ্রামের মো. বিপ্লব সরকারের ছেলে তাসকিন আহম্মেদ সুইট (১৮) ও সাজদার রহমান আগার ছেলে মো. সেলিম (২২)।

অন্যরা হলেন মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে মো. মারুফ আলী (২১), মো. সুজন মণ্ডলের ছেলে মো. মেহেদী হাসান সবুজ (২৩) ও বিলমাড়িয়া হাউসপাড়া গ্রামের মো. উফাজ মালিথার ছেলে মো. আতিকুর রহমান (২০)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মহারাজপুর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাসকিন আহম্মেদ সুইট ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ আলী, মেহেদী হাসান সবুজ ও আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার পাঁচজন হ্যাকিং ও বিভিন্ন অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে থানায় পৃথক মামলা করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।