হোম > সারা দেশ > নাটোর

লালপুরে লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

ছিনতাইয়ের অভিযোগে আটক সবুজ ও সোহাগ। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে লালপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সবুজ (২০) ও সোহাগ (১৯)। সবুজ পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর বটতলা এলাকার আসলাম আলীর ছেলে। সোহাগ নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদীর বাগানপাড়া ভাদুর বটতলা এলাকার শরিফুল ইসলামের ছেলে। তাঁরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেসমিন নাহার নামে এক নারী ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৭৭ হাজার টাকা উত্তোলন করেন। এর সঙ্গে তাঁর ব্যাগে আগে থেকে থাকা আরও ৩ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল, দুটি নাকফুল, একটি আংটি ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সব মিলিয়ে ব্যাগে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল ছিল।

টাকা উত্তোলনের পর তিনি ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যুব উন্নয়ন কমপ্লেক্স-সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগে টান দিয়ে সেটি ছিনিয়ে নেয়। এ সময় তিনি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে আহত হন। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহত জেসমিন নাহারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তিনি লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। লালপুর থানার এসআই মনিরুল ইসলামসহ পুলিশের একটি দল আজ ভোররাতে মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে সবুজ ও সোহাগকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কচুরিপানার দখলে নন্দকুঁজা, হুমকিতে জীববৈচিত্র্য

বড়াইগ্রামে স্কুলছাত্রীকে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

নাটোরে ‘কুত্তা গাড়ির’ সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত

বড়াইগ্রামে ব্যবসায়ীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ১

গুরুদাসপুর পৌরসভা: ড্রেন নির্মাণে ধীরগতি বাসিন্দাদের দুর্ভোগ

মাঠের জলাবদ্ধতায় বন্ধ শিক্ষার্থীদের অ্যাসেম্বলি-খেলাধুলা

গুরুদাসপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদা দাবির হুমকিপত্র ঘিরে লালপুরে উদ্বেগ

মুরগির খামারে বিদ্যুতের ফাঁদে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট লালপুরের ফারিহা মনি