নড়াইলে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বাদশার গ্যারেজ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের পুলেরহাট এলাকার জাহানারা বেগম (৫৫) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকোলাকোপা গ্রামের আবুল হাসিমের ছেলে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (২৮)।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা বেগম তাঁর মৃত স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে নড়াইল হয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বাদশার গ্যারেজ এলাকায় লোহাগড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেনকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সে নিহত জাহানারার ছেলে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তালেবসহ একই পরিবারের মোট নয়জন সদস্য ছিলেন। এর মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজন অক্ষত রয়েছেন।
তুলারামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।