হোম > সারা দেশ > নড়াইল

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইল প্রতিনিধি 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সবুজ ও ক্লিন বাংলাদেশ গড়তে পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে। অবৈধ ইটভাটা বন্ধসহ ভাটায় উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে।’

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদান সরকারের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মুহ. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন আব্দুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মুস্তাফিজুর রহমান প্রমুখ।