নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ও প্রতিপক্ষ আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের আটজন আহত হন।
স্থানীয় সূত্রের দাবি, তাঁদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন—ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের একটি সূত্র জানায়, চার থেকে পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে তারা শুনেছে। তবে গুলিবিদ্ধের বিষয়টি চিকিৎসক নিশ্চিত করতে পারবেন। সংঘর্ষে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে আহতরা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।