ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
আটকেরা হলেন: কামাল হোসেন (৩৫), হোসেন আলী (৪৫), জোনায়েত হোসেন ওরফে বুলবুল (৪০), মজিবর রহমান (৪৮), মহিউদ্দিন ওরফে মহিম (৪০), ফজলুল হক (৫০) ও শিপন চন্দ্র সরকার (৪০)। তাঁরা ফুলবাড়িয়া পৌরসভার ভাল্লুকজান এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মাছের আড়তসংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অভিযানে সাত জুয়াড়িকে আটক করে তাঁদের বিরুদ্ধে নতুন জুয়া আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।