হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুই দশক পর ত্রিশালে জাতীয়ভাবে হবে নজরুলজয়ন্তীর আয়োজন, উদ্বোধন করবেন তারেক রহমান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ত্রিশালে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই জনপদে এবার আয়োজনটি নতুন মাত্রা পেতে যাচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে ত্রিশালের নজরুল অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য জানান সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ২০০৬ সালের পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদ্‌যাপন হয়নি। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এবার আবারও জাতীয়ভাবে এই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজনটিকে আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী, যাতে এটি সারা দেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে ওঠে।

এত দিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর ত্রিশালে ২৫ মে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী ও মেলা অনুষ্ঠিত হলেও এবার তা জাতীয় পর্যায়ে উন্নীত হচ্ছে।

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসকগণ, পুলিশ সুপার, সাংস্কৃতিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন এবং সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংকট তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে হলে নতুন পরিকল্পনা প্রয়োজন। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে সাংস্কৃতিক মডেল হিসেবে গড়ে তুলতে কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন।

ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘদিন পর জাতীয়ভাবে এই আয়োজন ফিরিয়ে আনার উদ্যোগে স্থানীয় মানুষ আনন্দিত। তিনি জানান, এই আয়োজন পুনর্বহালের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন আন্দোলন করে আসছিল।

ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির মো. আসাদুজ্জামান বলেন, জাতীয় পর্যায়ের এই আয়োজন স্থায়ী করা উচিত। পাশাপাশি কাজী রফিজুল্লাহ দারোগার নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী ও অতিথিরা ত্রিশালের কাজী নজরুলের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দেন।

চুরির অভিযোগে নাতিকে বেঁধে মারধর, বাধা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আটক ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি বিএনপি কর্মীর

হালুয়াঘাটে এনসিপির সমাবেশের আগে রাতের আঁধারে ব্যানার ছেঁড়ার অভিযোগ

কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১৩

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু